
নাটোরের বাগাতিপাড়ায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার তমালতলা বাজারে থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়।
কেক কাটার পরপরই বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক কার্যক্রম এবং দলের আগামী দিনের করণীয় নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, মাজেদুর রহমান দুখু ও বায়েজীদ বোস্তামি, সাবেক কমিশনার কামরুজ্জামান, ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী এবং থানা যুবদলের সদস্য জামাল উদ্দিনসহ দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠালগ্নের ইতিহাস ও দলের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বিস্তারিতভাবে তুলে ধরেন। তারা দলের সাংগঠনিক কাঠামো আরও মজবুত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা একযোগে কেক কাটার কর্মসূচিতে অংশ নেন। এ সময় তমালতলা বাজার এলাকা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এবং সেখানে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
সাজেদুর রহমান, নাটোর 
























