
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাবেক ছাত্রনেতা শাহআলম।
বুধবার বিকেলে ঢাক-ঢোল বাজিয়ে সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে উপজেলা পরিষদ সংলগ্ন দলীয় কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এ সময় কেরোয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম সরকার, সহসভাপতি সফন মৃধা এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মারুফসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন জমা দেওয়ার পর শাহআলম বলেন, তিনি আশাবাদী যে দল থেকে তাঁকে মনোনয়ন দেওয়া হবে। নির্বাচিত হলে কেরোয়া ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও ইভটিজিং প্রতিরোধ এবং শিক্ষা ও খেলাধুলার মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, তিনি এলাকার সন্তান হিসেবে সুখে-দুঃখে এলাকাবাসীর পাশে থাকতে চান এবং ইউনিয়ন পরিষদে জনগণের প্রতিনিধিত্ব করে এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চান। এ লক্ষ্যে তিনি সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।
মেহেরাব ইমরান আকিব, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ 
























