
রাজধানীর বনশ্রীতে মোটরসাইকেল থেকে পড়ে দুই বাসের চাপায় তাসপিয়া আহমেদ তৃষা নামে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর রমজান পরিবহনের একটি বাসসহ দুটি বাস জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে বাস দুটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
নিহত তাসপিয়া আহমেদ তৃষা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখায় শিক্ষকতা করতেন। তিনি রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া নোয়াপাড়া এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ায়।
খিলগাঁও থানা পুলিশ জানায়, মোটরসাইকেলে যাওয়ার সময় পেছন থেকে পড়ে যান তাসপিয়া। পরে রমজান পরিবহনসহ দুটি বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
আইনি প্রক্রিয়া শেষে বুধবার রাত ৯টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্বজনদের ভাষ্য, কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন তাসপিয়া। সন্ধ্যার দিকে তারা জানতে পারেন, ফরাজী হাসপাতালের সামনে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে দুই বাসের চাপায় তিনি গুরুতর দুর্ঘটনার শিকার হয়েছেন। খবর পেয়ে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা বনশ্রীর একটি টেইলার্সের মালিক মো. মূসা জানান, তাসপিয়া তার দোকান থেকে নিয়মিত পোশাক তৈরি করাতেন। তার ভাষ্য, তাসপিয়া ছিলেন ভালো মনের মানুষ।
মূসা আরও জানান, আগামী বৃহস্পতিবার তাসপিয়ার কক্সবাজারে বেড়াতে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগের দিনই বনশ্রীর সড়কে দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং পরে তাসপিয়ার পরিবারের সদস্যদের বিষয়টি জানান।
ঘটনাটি তদন্ত করে দুর্ঘটনার কারণ ও দায়ীদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
অধিকার ডেস্কঃ 






















