
ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে টাইব্রেকারে নান্দাইলকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ধোবাউড়া উপজেলা নারী ফুটবল দল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন নান্দাইলের সৌরভী আকন্দ প্রীতি।
শুক্রবার বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে ছিল উৎসবের আমেজ। গ্যালারিজুড়ে দর্শকদের উচ্ছ্বাস আর মাঠে দুই দলের নারী ফুটবলারদের জমজমাট লড়াইয়ে ফাইনাল হয়ে ওঠে উপভোগ্য।
শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় নান্দাইল ও ধোবাউড়া উপজেলা নারী ফুটবল দল। শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। প্রথমার্ধ শেষে ফল ছিল ১-১। দ্বিতীয়ার্ধেও দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও কেউ ব্যবধান গড়তে পারেনি।
নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচের ফয়সালা হয় টাইব্রেকারে। স্নায়ুচাপের সেই পরীক্ষায় ৩-২ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ধোবাউড়া। শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠেন দলটির খেলোয়াড় ও সমর্থকেরা। ট্রফি হাতছাড়া হলেও পুরো টুর্নামেন্টে নান্দাইলের ফুটবলারদের লড়াকু পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে।
টুর্নামেন্টের অন্যতম আলোচিত নাম ছিলেন নান্দাইল উপজেলার সৌরভী আকন্দ প্রীতি। দক্ষতা, গতি, বল নিয়ন্ত্রণ ও ধারাবাহিক পারফরম্যান্সে তিনি দর্শকদের নজর কাড়েন। এই নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে তাঁকে টুর্নামেন্টসেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়।
নারী ফুটবলের প্রসার, উপজেলা পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন। পুরো আসরজুড়ে “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” ও “খেলাধুলায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগান সামনে এসেছে।
জেলা প্রশাসন, ময়মনসিংহের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এই টুর্নামেন্ট নারী ফুটবলারদের প্রতিভা প্রকাশের বড় মঞ্চ তৈরি করেছে। উপজেলা পর্যায়ের খেলোয়াড়দের জন্য এটি আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে জেলা ও জাতীয় পর্যায়ে খেলার পথও খুলে দিতে পারে।
ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. এ. রশিদুজ্জামান মিল্লাত। উদ্বোধক ছিলেন মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এ সময় ময়মনসিংহের প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজন কেবল একটি টুর্নামেন্টেই সীমাবদ্ধ থাকবে না। ময়মনসিংহের প্রত্যন্ত অঞ্চল থেকে নতুন প্রতিভা তুলে এনে নারী ফুটবলের ভবিষ্যৎ আরও শক্তিশালী করবে। ধোবাউড়ার শিরোপা জয় ও প্রীতির সেরা খেলোয়াড় হওয়া সেই সম্ভাবনারই উজ্জ্বল উদাহরণ।
শফিয়েল আলম সুমন, ময়মনসিংহ প্রতিনিধিঃ 























