
ময়মনসিংহে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২৬। এবারের প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’। দিবসটির উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
রোববার (১ নভেম্বর) সকালে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে নগরীর টাউন হল প্রাঙ্গণ থেকে জেলা পরিষদ ভবন পর্যন্ত বর্ণাঢ্য যুব র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে আলোচনা সভা ও সম্মাননা
র্যালি শেষে জেলা পরিষদের ভাষাশহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং সফল উদ্যোক্তা ও যুব সংগঠকদের সম্মাননা দেওয়া হয়।
জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান শাকিল। স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. হারুণ-অর-রশীদ।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে যুবসমাজকে কাজে লাগাতে পারলেই দেশ এগিয়ে যাবে। দেশের জনসংখ্যার একটি বড় অংশ যুবসমাজ। তাদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা গেলে অর্থনীতি ও উন্নয়ন গতি পাবে। না হলে এই বিপুল জনগোষ্ঠী চ্যালেঞ্জে পরিণত হতে পারে।
তিনি বলেন, কারিগরি শিক্ষার প্রসারের কথা বলা হলেও পলিটেকনিক ও টেকনিক্যাল ট্রেনিং স্কুলগুলোতে শিক্ষার্থী তুলনামূলক কম। এর অন্যতম কারণ শ্রমের প্রতি যথাযথ সম্মানের ঘাটতি। যুবসমাজকে শুধু টিকটক বা ইউটিউবার হওয়ার ভাবনায় আটকে না থেকে উদ্ভাবনী, সৃজনশীল ও উৎপাদনমুখী কাজে এগিয়ে আসতে হবে।
তালপাতা, বাঁশ-বেতের সামগ্রীসহ হস্তশিল্প ও কুটিরশিল্পে কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশে পণ্য রপ্তানির সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। ময়মনসিংহে শিল্পাঞ্চল গড়ে ওঠায় শিল্পের সহায়ক ব্যবসা ও উৎপাদনমুখী উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে বলেও জানান তিনি। চাকরির আশায় বসে না থেকে নিজেদের কর্মসংস্থান নিজেদেরই গড়ে তোলার আহ্বান জানান কমিশনার।
সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, ‘আপনারা যদি বদলে যান, বাংলাদেশ বদলে যাবে।’ তিনি বলেন, দেশের অগ্রগতির জন্য আগে মানসিকতার পরিবর্তন জরুরি। শুধু চাকরির পেছনে না ছুটে দক্ষতা অর্জন, প্রশিক্ষণ ও উদ্যোক্তা হওয়ার মাধ্যমে যুবসমাজকে কর্মমুখী করতে হবে।
তাঁর ভাষ্য, সব তরুণের মেধা ও যোগ্যতা একরকম নয়; কেউ খেলাধুলায়, কেউ সংগীতে, আবার কেউ কারিগরি কাজে দক্ষ। তাই প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা দরকার। বেকার যুবকদের জন্য ঋণ সহায়তা এবং বিদেশে উচ্চশিক্ষার সুযোগ তরুণদের সামনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, বিপুল জনশক্তিকে কাজে লাগাতে সুনির্দিষ্ট পরিকল্পনার আওতায় যুবসমাজকে কর্মসংস্থানে যুক্ত করতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রম আরও কার্যকর করার পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত যুবক ও নারীদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করার কথাও বলেন তিনি।
অনুষ্ঠান শেষে জেলার সফল ও উদ্যমী যুব উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়। এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, যুব সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শফিয়েল আলম সুমন, ময়মনসিংহ প্রতিনিধিঃ 


















