
গোপালগঞ্জের কাশিয়ানীতে ১ হাজার ৩৮০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১ লাখ ৬৯ হাজার ১৫০ টাকাসহ নাইমুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬।
এসআরবি-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভাট্টাইধোপা এলাকার মাজরা বাজার সরকারি মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাঁকে আটক করেন।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নাইমুর রহমানের কাছ থেকে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। অভিযানের সময় তাঁর সঙ্গে থাকা আরও এক ব্যক্তি পালিয়ে যান।
এসআরবি আরও জানায়, এ ঘটনায় আটক নাইমুর রহমান ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পরে আটক ব্যক্তি ও জব্দ করা আলামত পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অধিকার ডেস্কঃ 


















