
বরিশালের গৌরনদী উপজেলায় অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে পরিবহনকালে পিকআপভর্তি বিপুল পরিমাণ ডিজেল, পেট্রোল ও অকটেন জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার সরিকল বন্দরের একটি গুদামে পিকআপ থেকে জ্বালানি তেল নামানোর সময় অভিযান চালানো হয়। এ সময় ১৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ করা হয়। জব্দকৃত তেলের মধ্যে ২ হাজার ৪০০ লিটার ডিজেল, ৬০০ লিটার অকটেন এবং ২০০ লিটার পেট্রোল রয়েছে।
অভিযানের ধারাবাহিকতায় পাশ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার আগরপুর বন্দরে একটি দোকান থেকেও আরও ১০ ব্যারেল জ্বালানি তেল জব্দ করা হয়। দোকানটি স্থানীয় এস্কেন চৌকিদারের ছেলে জুয়েলের বলে জানা গেছে।
সূত্র আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরী থেকে এনএসআই সদস্যরা পিকআপটির গতিবিধি নজরদারিতে রেখে অভিযান পরিচালনা করেন। পরে অবৈধভাবে লাইসেন্স ছাড়া জ্বালানি তেল মজুদের দায়ে ব্যবসায়ী আব্দুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দকৃত জ্বালানি তেল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রয়ের জন্য সরিকল বাজার কমিটির জিম্মায় রাখা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। এ সময় গৌরনদী মডেল থানা পুলিশ ও এনএসআই সদস্যরা উপস্থিত ছিলেন।
বরিশাল প্রতিনিধি 



















