
নীলফামারীর ডিমলা উপজেলায় একটি ভুট্টাক্ষেত থেকে পুলিশের পোশাক, নেমপ্লেটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঝুনাগাছ চাপানী ইউনিয়ন-এর উত্তর সোনাখুলী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গ্রামের একটি ভুট্টাক্ষেতে পরিত্যক্ত অবস্থায় কিছু সামগ্রী পড়ে থাকতে দেখে প্রথমে সন্দেহ হয় কৃষকদের। পরে কাছে গিয়ে তারা দেখতে পান, সেগুলো পুলিশের ব্যবহৃত পোশাক ও আনুষঙ্গিক জিনিসপত্র।
উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে পোশাক, নেমপ্লেট, একটি সিমকার্ড এবং ধারালো একটি ছুরি।
নির্জন মাঠে এমন সরঞ্জাম পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়দের অনেকেই ধারণা করছেন, কোনো অপরাধী চক্র এসব সরঞ্জাম ব্যবহার করে অপরাধের পরিকল্পনা করছিল অথবা ঘটনার পর এগুলো ফেলে রেখে গেছে।
ডিমলা থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি বলেন, উদ্ধার হওয়া সরঞ্জামগুলোর উৎস বা এগুলো সেখানে কীভাবে এলো, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
ঘটনাটি ঘিরে এলাকায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে-এসব সরঞ্জাম কার? কোন উদ্দেশ্যে এগুলো সেখানে ফেলে রাখা হয়েছিল? তদন্তের মাধ্যমে এসব প্রশ্নের উত্তর বেরিয়ে আসবে বলে আশা করছে স্থানীয়রা।
দৈনিক অধিকার ডেস্ক 



















