
সিলেটে নিজ নির্বাচনী এলাকা পরিদর্শনকালে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে তাঁকে সিলেট নগরীর আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার সকালে মন্ত্রী সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। দুপুরে ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনকালে তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। এ সময় বুকে ব্যথা ও শরীর ঝিমঝিম করার কথা জানা গেছে। পরে তাঁকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে। মন্ত্রীর ঘনিষ্ঠজনদের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, হাসপাতালে নেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে পর্যবেক্ষণে ও বিশ্রামে রাখা হয়েছে।
এদিকে মন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে তাঁকে দেখতে হাসপাতালে যান শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। এ সময় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসাইন চৌধুরীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। তাঁরা মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
অসুস্থতার কারণে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় মন্ত্রীর পূর্বনির্ধারিত সফরসূচি বাতিল করা হয়েছে। তিনি শুক্রবার ও শনিবার দুই দিনের সফরে সিলেটে অবস্থান করছিলেন।
অধিকার ডেস্কঃ 






















