
চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে স্মৃতিস্তম্ভের বেদির নিচের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জুমার নামাজের সময় কয়েকজন ব্যক্তি স্মৃতিস্তম্ভের নিচের অংশে টায়ার ও দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন ধরিয়ে দেয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
আগুন ছড়িয়ে পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে আনেন। চাঁদপুর ফায়ার সার্ভিসের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আগুন নেভাতে কর্মীদের প্রায় ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে।
কালবেলা
ঘটনার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী, ছাত্রদল ও ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা স্মৃতিস্তম্ভ এলাকা পরিদর্শন করেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে স্মৃতিস্তম্ভের বেদির নিচের অংশে আগুন দেওয়ার দৃশ্য দেখা গেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে অগ্নিসংযোগ করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দ্রুত সরে পড়ে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশের অভিযান চলছে।
ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।
অধিকার ডেস্কঃ 






















