
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কারবারের প্রতিবাদ করায় আবুল কালাম (৩৫) নামে এক পুলিশ কনস্টেবলের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা তাঁকে মারধর করে হাত-পা ভেঙে দেওয়ার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবুল কালাম আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য। ছুটিতে গ্রামের বাড়িতে এসে তিনি এ হামলার শিকার হন।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, আবুল কালাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী অবস্থান নিয়ে আসছিলেন। গত মাসে মাসাবো এলাকার শাহাদাত হোসেন (৩২) ও এমদাদুল হককে (২৯) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে সহযোগিতা করেন তিনি। এরপর থেকে শাহাদাতের ছোট ভাই শাহজালাল তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার রাতে শাহজালাল মুঠোফোনে আবুল কালামকে বাড়ি থেকে ডেকে একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া ১০ থেকে ১৫ জনের একটি দল তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে মারধর করে হাত-পা ভেঙে দেওয়া হয় এবং ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
আবুল কালামের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি করা হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন আহমেদ জানান, ছুটিতে গ্রামের বাড়িতে এসে এক পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন বলে তাঁরা জানতে পেরেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অধিকার ডেস্কঃ 






















