
শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাদের পছন্দের খেলাধুলা সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর বনানীতে বাংলাদেশ নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায়ের পর একদল শিশুর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, নামাজ শেষে তারেক রহমান শিশুদের কাছে গিয়ে তাদের খোঁজখবর নেন। তারা কোন কোন খেলাধুলায় অংশ নেয় এবং কোন খেলা বেশি পছন্দ করে, সে বিষয়ে জানতে চান।
আলাপচারিতায় কয়েকজন শিশু জানায়, তারা ফুটবল ও ক্রিকেট খেলে। তখন প্রধানমন্ত্রী তাদের বাস্কেটবল ও টেবিল টেনিস খেলার অভিজ্ঞতা আছে কি না, সেটিও জানতে চান। পাশাপাশি শিশুদের জন্য খেলাধুলার সরঞ্জামের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
কথাবার্তার একপর্যায়ে প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে করমর্দন করেন। পরে ‘ঠিক আছে, সবাই ভালো থেকো’ বলে তাদের কাছ থেকে বিদায় নেন।
এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শিশু-কিশোরদের খেলাধুলা ও বহুমুখী প্রতিভা বিকাশে এ আয়োজনের গুরুত্ব তুলে ধরেন তিনি।
অধিকার ডেস্কঃ 






















