
রাজধানীর ভাটারা এলাকায় চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সন্ধ্যায় খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পৃথক এ দুই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে ভাটারার কোকাকোলা মোড়ে চলন্ত বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির ডিউটি অফিসার রাসেদ বিন খালিদ জানান, খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। পরে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি জানান, বাসটি চলন্ত অবস্থায় থাকাকালে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান। এতে কেউ হতাহত হননি। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।
এদিকে, ভাটারা থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
অন্যদিকে, শুক্রবার সন্ধ্যার পর রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অধিকার ডেস্কঃ 






















