
বেরোবি প্রতিবেদক: বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৬-এর দিনাজপুর অঞ্চলের প্রতিযোগিতায় চমৎকার সাফল্য দেখিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এর শিক্ষার্থীরা। আঞ্চলিক পর্বের সেরা ১০ জনের মধ্যে স্থান পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির পাঁচজন শিক্ষার্থী।
শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) দেশের আটটি অঞ্চলে একযোগে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আঞ্চলিক প্রতিযোগিতায় অংশ নেন বেরোবির শিক্ষার্থীরা। মেধা, দক্ষতা ও গাণিতিক সমস্যা সমাধানের সামর্থ্যের প্রমাণ দিয়ে সেরা ১০-এর মধ্যে নিজেদের জায়গা করে নেন তাঁদের পাঁচজন। বিজয়ীরা আগামী ৪ ডিসেম্বর ২০২৬ ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশ নেবেন।
শিক্ষার্থীদের এ সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বেরোবির উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। অভিনন্দন বার্তায় তিনি বলেন, জাতীয় পর্যায়ের মর্যাদাপূর্ণ এ গণিত অলিম্পিয়াডে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর সেরা ১০-এ জায়গা করে নেওয়া গৌরব ও আনন্দের বিষয়। তাঁর মতে, এ অর্জন শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায়, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি।
উপাচার্য আশা প্রকাশ করেন, জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতাতেও শিক্ষার্থীরা নিজেদের মেধার পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও উজ্জ্বল করবেন। তিনি আরও জানান, শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, গবেষণা ও মেধা বিকাশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব সময় উৎসাহ ও সহযোগিতা দিয়ে আসছে।
জুবায়ের আল হাসান ,বেরোবি প্রতিনিধিঃ 
























