
নাটোর প্রতিনিধি: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের জয়ী করা, তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে নাটোরের বাগাতিপাড়ায় মহিলাদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম।
সভায় বক্তারা সরকারের আট মাসের উন্নয়নমূলক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের নানা দিক তুলে ধরেন। তাঁরা বলেন, তৃণমূল পর্যায় থেকে দলকে আরও শক্তিশালী করতে হবে। বাগাতিপাড়া-লালপুর আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের মনোনীত প্রার্থীদের স্থানীয় সরকার নির্বাচনে জয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে পরিবার, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি কিশোর অপরাধ প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মত দেন তাঁরা।
সভায় প্রধান অতিথি ছিলেন বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মাহাতাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হায়দার রশিদ সোনা।
ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মো. রমজান আলী ফাকনের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল বাতেন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য হাফিজুর রহমান, ইউনিয়ন মহিলাদলের সভানেত্রী আইভি, ওলামা দলের সভাপতি মো. আব্দুল বারী, ছাত্রদল নেতা জুবায়ের, কৃষক দলের সভাপতি মো. নজরুল ইসলাম ও যুবদলের সভাপতি তরিকুল ইসলাম তরু। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
সাজেদুর রহমান, নাটোর 






















