
বাংলাদেশের সবচেয়ে বড় এবং দক্ষিণ এশিয়ার দশম বৃহত্তম রাবার ড্যাম হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর রাবার ড্যাম নির্মাণ প্রকল্প বাস্তবায়নের শেষ পর্যায়ে রয়েছে। প্রায় ২৭০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত এই গুরুত্বপূর্ণ স্থাপনা শুষ্ক মৌসুমে নদীর পানি সংরক্ষণ করে সেচ কাজে ব্যাপক সুবিধা দিচ্ছে। কিন্তু সাম্প্রতিক সময়ে ড্যাম এলাকায় স্থানীয় জনগণের অসতর্ক ও বিপজ্জনক আচরণ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো), নবাবগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী এস. এস. আহসান হাবীব স্বাক্ষরিত একটি স্মারকলিপিতে (স্মারক নং-নিঃগঃ/পাউবো/টী:নবাব/র-৫/৬৭৮, তারিখ- ২৬/০৪/২০২৬) পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ-এর কাছে পুলিশি টহলের অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, গত শুষ্ক মৌসুম থেকে রাবার ড্যাম ফুলিয়ে পানি সংরক্ষণের কাজ চলছে। কিন্তু সম্প্রতি বিপুল সংখ্যক স্থানীয় মানুষ কোনো নিরাপত্তা সতর্কতা ছাড়াই ড্যামের মূল কাঠামোর উপর উঠে গোসল করছেন এবং বিভিন্ন বিপজ্জনক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন।

নির্বাহী প্রকৌশলী জানান, রাবার ড্যামের উপর এভাবে অনিয়ন্ত্রিত জনসমাগম ও চাপের কারণে রাষ্ট্রীয় এই সংবেদনশীল স্থাপনার ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি, পানির তীব্র প্রবাহ এবং পিছিল উপরিভাগের জন্য যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে জানমালের ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে। সরকারি এই গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষা এবং স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে ড্যাম এলাকায় জনসাধারণের প্রবেশ ও গোসল নিষিদ্ধ করে প্রয়োজনীয় পুলিশি টহলের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
এই চিঠির অনুলিপি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

মহানন্দা রাবার ড্যাম প্রকল্পটি স্থানীয় কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে। শুষ্ক মৌসুমে পানি ধরে রাখার ফলে সেচ সুবিধা বেড়েছে, ফসল উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং কৃষি উৎপাদন খরচ কমেছে। তবে এর সৌন্দর্যের কারণে দর্শনার্থীদের ভিড় বাড়লেও নিরাপত্তার অভাবে এখন ঝুঁকি তৈরি হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ড্যামের আশপাশে মানুষের সমাগম বেড়ে যাওয়ায় নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নেয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ সকলকে অনুরোধ করেছে-রাবার ড্যাম এলাকায় নিরাপত্তা নির্দেশনা মেনে চলুন, ড্যামের উপর উঠে গোসল বা বিপজ্জনক কার্যকলাপ থেকে বিরত থাকুন। এটি শুধু সরকারি সম্পদ রক্ষাই নয়, নিজেদের জীবনও নিরাপদ রাখবে। স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগ এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে। রাবার ড্যামটি শুধু সেচ প্রকল্প নয়, চাঁপাইনবাবগঞ্জের একটি দর্শনীয় স্থান হিসেবেও পরিচিত-তাই এর সুরক্ষা ও সুন্দর ব্যবহার নিশ্চিত করা সকলের দায়িত্ব।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচর সংলগ্ন মহানন্দা নদীতে ২০২১ সালের ১১ নভেম্বর ২৭০ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে রাবার ড্যাম নির্মাণকাজ শুরু হয়। গত বছর প্রকল্পটি চালু হয়।
নিজস্ব প্রতিবেদক 






















