
পাবনা থেকে ঢাকাগামী নতুন একটি ট্রেনের ঈশ্বরদী স্টেশনে যাত্রাবিরতির খবরে যখন স্বস্তি ফিরতে শুরু করেছে, তখনই এসেছে দুঃসংবাদ। খুলনা থেকে ঈশ্বরদী হয়ে ঢাকায় চলাচল করা আন্তঃনগর চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তন করে রাজবাড়ী হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। এ খবরে ঈশ্বরদীর নাগরিক সমাজের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
সোমবার রেলওয়ের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রগুলোর দাবি, চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের বিষয়ে ইতোমধ্যে রেলভবনে উচ্চপর্যায়ের সভায় আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার বিকেলে পাকশী রেলওয়ে বিভাগীয় কার্যালয়ে যোগাযোগ করেও এ বিষয়ে তথ্য পাওয়া গেছে। তবে রুট পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর হওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
চিত্রা এক্সপ্রেস ঈশ্বরদী হয়ে চলাচল না করার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। সচেতন নাগরিকেরা ট্রেনটির বর্তমান রুট বহাল রাখার দাবি জানিয়েছেন। এ দাবিতে আন্দোলন গড়ে তুলে বৃহত্তর কর্মসূচি ঘোষণার আহ্বানও জানিয়েছেন তাঁরা।
ঈশ্বরদী সম্মিলিত নাগরিক জোটের সদস্য সচিব আশিকুর রহমান লুলু বলেন, রেলওয়ের এমন সিদ্ধান্ত ঈশ্বরদীবাসী কোনোভাবেই মেনে নেবে না। এটি কোনো ষড়যন্ত্রও হতে পারে বলে মন্তব্য করেন তিনি। সিদ্ধান্ত চূড়ান্ত হলে ঈশ্বরদীতে বৃহত্তর আন্দোলন-সংগ্রামের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ বলেন, এর আগে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস এবং ঢাকা থেকে ঈশ্বরদী হয়ে বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী থেকে তুলে নেওয়া হয়েছে। এবার চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তন করে ঈশ্বরদীকে বাদ দেওয়া হলে ঈশ্বরদী জংশন থেকে সরাসরি ঢাকায় যাতায়াতের পথ বন্ধ হয়ে যাবে।
তিনি আরও বলেন, এতে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ট্রেনে ঢাকায় যাতায়াতের সুযোগও সংকুচিত হবে।
পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) হাসিনা খাতুন বলেন, চিত্রা এক্সপ্রেস ঈশ্বরদী থেকে তুলে নেওয়ার বিষয়ে তিনি এখনো আনুষ্ঠানিক কোনো চিঠি পাননি। তবে রেলভবনে এ বিষয়ে সভা ও সিদ্ধান্ত হয়েছে বলে শুনেছেন।
অধিকার ডেস্কঃ 




















