
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একটি ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ থেকে ক্যাম্পাসগামী ‘দিগন্ত’ নামের বাসটি গাড়াগঞ্জ এলাকা দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাটই বাজারে সড়ক নির্মাণকাজের কারণে দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয়ের বাসগুলো যানজটে আটকে ছিল। যানজট থেকে বের হয়ে বাসটি কিছুদূর যাওয়ার পর গাড়াগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের আরোহীরা বাসটি লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করেন। বাসটি চলন্ত থাকায় বোমাটি চাকায় না লেগে রাস্তায় ছিটকে পড়ে। এ সময় বাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় জানা যায়নি।
ধারণা করা হচ্ছে, আগামীকাল (১০ নভেম্বর) নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত ধর্মঘটকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ঘটনাটি ঘটানো হয়ে থাকতে পারে। তবে হামলার উদ্দেশ্য বা কারও সংশ্লিষ্টতা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ অ্যান্ড ল বিভাগের শিক্ষার্থী মিম বলেন, “আমরা দীর্ঘ সময় যানজটে আটকে ছিলাম। বাস চলতে শুরু করার কিছুক্ষণ পরই বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। অল্পের জন্য আমরা বেঁচে গেছি। মানুষের জীবনের নিরাপত্তা কি আদৌ আছে? বোমাটি আর এক-দুই ইঞ্চি এদিক-ওদিক হয়ে টায়ারে লাগলে আজ হয়তো আমি বেঁচে থাকতাম না। আমার জীবনের নিরাপত্তা কে দেবে?”
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মামুনুর রশীদ বলেন, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচিকে ঘিরে সারা দেশেই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে বলে তাঁরা ধারণা করছেন। এরই অংশ হিসেবে বাসে বোমা নিক্ষেপের ঘটনা ঘটতে পারে। পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং সদস্যরা সতর্ক রয়েছেন। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
মোহাম্মদ সাদ, ইবি প্রতিনিধিঃ 























