
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা ও দীপাবলি উদযাপিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি পালন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সন্ধ্যা ৬টায় লেকপাড়ের কেন্দ্রীয় মন্দিরে অনুষ্ঠান শুরু হয়। আয়োজনে ছিল ধুনুচি নাচ, দীপাবলি উপলক্ষে প্রদীপ প্রজ্বালন, মাতৃসংগীত পরিবেশন, ফানুস ওড়ানো ও রঙমশাল প্রজ্বালনসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা।
ইবি পূজা উদযাপন পরিষদের সভাপতি ও হিসাববিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক লিটন বরণ সিকদার এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মিঠুন বৈরাগী। এ ছাড়া বিভিন্ন বিভাগের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার পাল পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. অরবিন্দ সাহা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে প্রতিবছরের মতো এবারও বিশ্ববিদ্যালয়ে শ্যামাপূজা ও দীপাবলি উৎসব উদযাপন করা হচ্ছে। এ ধরনের আয়োজন শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে। তিনি উৎসবের সফল আয়োজনে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
মোহাম্মদ সাদ, ইবি প্রতিনিধিঃ 
























