
চাঁপাইনবাবগঞ্জে গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ে খামারিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনা ও কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি নিয়ে আয়োজিত এ প্রশিক্ষণে অংশ নেন জেলার বিভিন্ন এলাকার খামারিরা।
মঙ্গলবার (১৯ মে) সকালে শহরের সোনার মোড় এলাকায় অবস্থিত ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ।
‘অধিক দুধ, অধিক মাংস—ব্র্যাক কৃত্রিম প্রজননের মাধ্যমে খামারির স্বপ্ন’ শীর্ষক স্লোগানে আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শারমিন আক্তার।
এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী রিজিওনের রিজিওনাল সেলস ম্যানেজার মোবাশ্বার হুসাইন পলাশ, এরিয়া সেলস ম্যানেজার মো. ইউনুস আলী এবং ব্র্যাক জেলা সমন্বয়কারী মোসা. মোমেনা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রশিক্ষণে খামারিদের আধুনিক খামার পরিচালনা, গাভী পালন, উন্নত প্রজনন ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, সুষম খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রেকর্ড সংরক্ষণ বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
বক্তারা বলেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদিপশু পালন করলে খরচ কমিয়ে অধিক উৎপাদন নিশ্চিত করা সম্ভব। পাশাপাশি কৃত্রিম প্রজনন প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের গবাদিপশু উৎপাদনের মাধ্যমে খামারিদের আর্থিকভাবে স্বাবলম্বী করা সম্ভব হবে।
অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী তিনজন খামারিকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
প্রশিক্ষণে অংশ নেওয়া খামারিরা জানান, এ ধরনের ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণ তাদের খামার ব্যবস্থাপনায় নতুন দিকনির্দেশনা দিয়েছে। তারা ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম চালু রাখার জন্য ব্র্যাক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদক 



















