
মাগরিবের নামাজ পড়তে গিয়ে বাইরে রেখে যাওয়া অটোরিকশা মুহূর্তেই উধাও। পরে প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা অটোচোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া লিথিয়াম ব্যাটারিচালিত অটোরিকশা।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নবগ্রাম এলাকার বাসিন্দা মোঃ তরিকুল ইসলাম (৫৩) পেশায় একজন অটোচালক। তিনি অটোরিকশা চালিয়েই জীবিকা নির্বাহ করেন।
গত ৯ মে সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা মডেল মসজিদের সামনে জোন পার্কিং এলাকায় তার ব্যবহৃত লাল রঙের তিন চাকার লিথিয়াম ব্যাটারিচালিত অটোরিকশাটি রেখে মাগরিবের নামাজ আদায়ের জন্য মসজিদে যান। কিন্তু নামাজ শেষে প্রায় আধাঘণ্টা পর ফিরে এসে দেখেন, পার্কিং থেকে তার অটোরিকশাটি রহস্যজনকভাবে উধাও।
এরপর পরিবারের সদস্য ও পরিচিতদের নিয়ে শহরের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও অটোরিকশার কোনো সন্ধান না পেয়ে তিনি সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটি রুজু হয় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার মামলা নং-৩৫, জিআর-২১৯/২০২৬, পেনাল কোডের ৩৭৯ ধারায়।
মামলার তদন্ত কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তথ্যপ্রযুক্তি ও সোর্সের সহায়তায় অভিযান চালান। একপর্যায়ে রাজশাহী মহানগর পুলিশের কর্ণহার থানা এলাকায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আরামবাগ এলাকার মোঃ আলিম (২৬), মোঃ আজিম (২৩), রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গুশিরা এলাকার মোঃ শহিদুল ইসলাম (৪৫)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাদীর চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। পরে ১৮ মে রাত ১১টা ৫৫ মিনিটে জব্দ তালিকার মাধ্যমে সেটি জব্দ করা হয়।
উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে একটি লাল রঙের তিন চাকার লিথিয়াম ব্যাটারিচালিত অটোরিকশা।
পুলিশের ধারণা, সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা চুরি করে অন্যত্র বিক্রি করে আসছিল। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
নিজস্ব প্রতিবেদক 



















