
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়নে নানা ধরনের উপকরণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, এমপি।
শুক্রবার (১২ জুন) দুপুরে বাগাতিপাড়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তির অর্থ, বাইসাইকেল এবং অন্যান্য শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের বিভিন্ন সুবিধা বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে কৃষি উপকরণ, সেলাই মেশিন, পানির পাম্প, হুইলচেয়ার, বসতঘর নির্মাণের টিনসহ প্রয়োজনীয় সহায়তা সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি অসুস্থ ও দুস্থ ব্যক্তিদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের চেকও বিতরণ করা হয়।
অনুষ্ঠানের আগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল উপজেলার ডরমিটরিতে আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলা পরিদর্শন করেন। সেখানে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও প্রযুক্তি চর্চায় শিক্ষার্থীদের আরও এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশারফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বিএনপি নেতা রশিদ চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
স্থানীয়দের মতে, সরকারের এ ধরনের সহায়তা কর্মসূচি শিক্ষার্থীদের শিক্ষা অব্যাহত রাখতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাজেদুর রহমান, নাটোর 























