
দুর্যোগপূর্ণ পরিস্থিতি বিবেচনায় গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তির সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ জুলাই পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে। বর্তমানে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে মোট ৪২০টি আসন খালি রয়েছে বলে জানা গেছে।
শনিবার (১৮ জুলাই) অনুষ্ঠিত গুচ্ছ ভর্তি কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছেন পরীক্ষা কমিটির সদস্য সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক।
ইবি উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই জরুরি সভায় জানানো হয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য সংখ্যক আসন খালি থাকায় এবং দুর্যোগের কারণে শিক্ষার্থীদের যাতায়াতে সমস্যা হওয়ায় ভর্তির সময়সীমা বাড়ানোর প্রয়োজন দেখা দেয়।
এ বিষয়ে অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে বিশেষত দক্ষিণাঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াতে সমস্যা তৈরি হওয়ায় মানবিক দিক বিবেচনা করে চূড়ান্ত ভর্তির সময়সীমা ২১ জুলাই পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। তিনি জানান, গুচ্ছে বর্তমানে ফাঁকা থাকা ৪২০টি আসনের সিংহভাগই বরিশাল বিশ্ববিদ্যালয় ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি ইসলামী বিশ্ববিদ্যালয়েও এখনো ৩৬টি আসন-৩৫টি মেধা কোটায় ও ১টি সংরক্ষিত কোটায়—খালি রয়েছে বলে জানান তিনি। বর্ধিত সময়ের মধ্যে অবশিষ্ট শিক্ষার্থীরা তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাবেন বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, এর আগেও বন্যা ও প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে গুচ্ছের চূড়ান্ত ভর্তির সময়সীমা ১৬ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছিল। মানবিক বিবেচনায় এবার তা পুনরায় বাড়িয়ে ২১ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হলো।
ইবি প্রতিনিধিঃ 
























