
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্বকাপের ফাইনাল খেলা দেখাকে কেন্দ্র করে স্লেজিং ও বাগবিতণ্ডার জেরে মার্কেটিং ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী আহত হন। পরবর্তীতে সহপাঠীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে ভর্তি করান।
সোমবার (২০ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে প্রশাসনের উদ্যোগে বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ প্রদর্শনের সময় এ ঘটনা ঘটে।
প্রক্টর কার্যালয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, জোহা চত্বরে বড় পর্দায় ফাইনাল ম্যাচ দেখার আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। খেলা চলাকালীন সময়ে মার্কেটিং ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সমর্থকদের মধ্যে চলতে থাকে পাল্টাপাল্টি স্লেজিং। এক পর্যায়ে দুই বিভাগের দুই শিক্ষার্থীর মধ্যে বাগবিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে। খেলা শেষ হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত রূপ নেয় এবং উভয় বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। এক পর্যায়ে মার্কেটিং বিভাগের কয়েকজন শিক্ষার্থীকে বাঁশ ও লাঠি হাতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের প্রধান ফটকের দিকে ধাওয়া দিতে দেখা যায়। এ সময় আহত হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী, যাকে সহপাঠীরা উদ্ধার করে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে ভর্তি করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, বিশ্বকাপের ফাইনাল খেলা দেখাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে স্লেজিং থেকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়। এতে একজন শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসাকেন্দ্রে ভর্তি হয়েছেন বলে জানান তিনি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে।
সৈয়দ মাসুদ, রাজশাহী 























