
রাজধানীর যাত্রাবাড়ীতে এক নারীর কানের দুল ছিনিয়ে নিয়ে পালানোর সময় জনতার হাতে আটক হয়ে গণপিটুনির শিকার এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ী থানার এলাকার প্রধান সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতালে ওই যুবককে নিয়ে আসা মো. সবুজ মিয়া জানান, বিকেল ৩টার দিকে সড়কে এক নারীর কানের দুল নিয়ে পালানোর চেষ্টা করছিলেন ওই যুবক। এ সময় স্থানীয় লোকজন তাকে ধরে ফেলেন। পরে তিনি মারধরের শিকার হয়ে গুরুতর আহত হন।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, চিকিৎসকের বরাতে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, নিহত যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
অধিকার ডেস্কঃ 




















