
ময়মনসিংহ নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়িতে দায়িত্ব পালন করা ২৭ সদস্যকে একযোগে বদলি করা হয়েছে। জনস্বার্থে পৃথক অফিস আদেশের মাধ্যমে তাদের জেলার বিভিন্ন থানায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব মিল্কী, চারজন উপপরিদর্শক (এসআই), পাঁচজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং ১৭ জন কনস্টেবলসহ মোট ২৭ সদস্যকে বদলি করা হয়েছে। শিগগিরই ফাঁড়িটিতে নতুন সদস্যদের পদায়ন করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড় এলাকায় যুবলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করেন। এলাকাটি ১ নম্বর পুলিশ ফাঁড়ির আওতাধীন। ওই ঘটনার পর দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ফাঁড়ির ইনচার্জসহ সেখানে কর্মরত সব সদস্যকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে, ওই মিছিলের ঘটনায় গত চার দিনে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জেলা ছাত্রলীগের সহসভাপতি হিমন শেখ, যুবলীগ নেতা হামিদুর রহমান আকাশ, মাসুদ, সাংস্কৃতিক জোটের নেতা ফরহাদ, যুবলীগ নেতা ওবায়দুল হক ও তানভীর ওরফে লিমনসহ কয়েকজন রয়েছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, ২১ আগস্টের মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। মামলায় ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
তিনি জানান, গত চার দিনে মামলাটিতে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
অধিকার ডেস্কঃ 




















