
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭১ শিশু।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৫১ শিশুর মৃত্যু হয়েছে। এর পাশাপাশি হামে আক্রান্ত হয়ে আরও ৯৯ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ এই সময়ে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট মৃত্যু হয়েছে ৯৫০ শিশুর।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩ শিশু হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৮ জনে। একই সময়ে ১ হাজার ১৯ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৫৪ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৩৬ জনে, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৬৫১ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৩৩ হাজার ৫৭৩ জন, যাদের মধ্যে ১ লাখ ২৮ হাজার ৭৬৫ জন ইতিমধ্যে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন।
অধিকার ডেস্কঃ 
























