
লালমনিরহাটের পাটগ্রামে ১৩ বছর বয়সী এক কিশোরীকে নির্যাতনের অভিযোগে তার সৎবাবা সেলিম হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার জগতবেড় ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক সন্তানসহ ওই নারীকে বিয়ে করে সেলিম হোসেন তার বাড়িতে সংসার করছিলেন। কিশোরীও মায়ের সঙ্গে সৎবাবার বাড়িতে থাকত এবং তাকে বাবা বলে ডাকত।
বুধবার বিকেলে কিশোরীকে তার মামার বাড়িতে নিয়ে যান সেলিম। সেখানে কিছু সময় অবস্থানের পর বাড়ি ফেরার পথে তাকে নির্জন একটি স্থানে নিয়ে গিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর অভিযোগ ওঠে। পরে কিশোরীকে সড়কের পাশে রেখে সেলিম সেখান থেকে চলে যান বলে জানা গেছে।
পরে কিশোরী স্থানীয় এক জনপ্রতিনিধির বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সেখান থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পাটগ্রাম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য কিশোরীকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে কিশোরীর মা বাদী হয়ে পাটগ্রাম থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে জগতবেড় ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে সেলিম হোসেনকে গ্রেপ্তার করে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
অধিকার ডেস্কঃ 

























