
বরিশালের গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে ছিটকে পড়েছে ঢাকাগামী ইউরো স্টার লাইন পরিবহনের একটি বাস। এই দুর্ঘটনায় দুই বছর বয়সী এক শিশুসহ অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছেন। তবে সৌভাগ্যক্রমে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন— গৌরনদীর বাসিন্দা মো. মাহবুব (৩৯) ও শিশু আব্দুর রহমান (২), বরিশালের মনিরুজ্জামান (৩৮) ও মমতাজ বেগম (৬০) এবং চট্টগ্রামের জামাল হোসেন (৩৩)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘ঢাকা মেট্রো-ব-১২-২৭৯৫’ নম্বরের ইউরো স্টার লাইন পরিবহনের বাসটি যাত্রীবাহী অবস্থায় ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। আশোকাঠী এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি দ্রুতগতিতে সড়কের পাশের খাদে ছিটকে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে দুটি ইউনিট এবং গৌরনদী হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দুর্ঘটনার পরপরই ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় আধঘণ্টা যান চলাচল স্থবির হয়ে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় দুর্ঘটনাকবলিত যানবাহনটি সরিয়ে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
সৈয়দ নুর আহছান, বরিশাল 



















