
নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভায় একটি বন্ধ বাসার জানালার গ্রিল কেটে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে।
সোনাইমুড়ী কলেজ রোডের বিমান টাওয়ার সংলগ্ন ‘আনোয়ারা ভিলা’র দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, গত ১ সেপ্টেম্বর এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে বাসায় তালা দিয়ে পরিবারের সবাই প্রায় সাত কিলোমিটার দূরের বাটপাড়া গ্রামে যান। পাঁচ দিন পর শনিবার সকালে তারা বাসায় ফিরে দেখতে পান, জানালার গ্রিল কাটা এবং ঘরের ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। এ সময় স্টিলের আলমিরা ভাঙা দেখতে পান তারা।
পরে আলমিরায় রাখা স্বর্ণালংকার খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বুঝতে পারেন, সেগুলো আর নেই। পরিবারের দাবি, প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার বাসা থেকে নিয়ে যাওয়া হয়েছে।
বাসার মালিক ফখরুল ইসলাম সাইমুন বলেন, স্বজনের জানাজা ও দাফনের কাজে তারা গ্রামে গিয়েছিলেন। এই সুযোগে জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিস নিয়ে যাওয়া হয়েছে বলে তাদের ধারণা। ঘটনায় পরিবারটি নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তারা স্বর্ণালংকার উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ঘটনার পর সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) নাসিরুদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
অধিকার ডেস্কঃ 



















