
সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে দালালি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে তাদের মধ্যে একজনকে ১০ হাজার টাকা জরিমানা এবং তিনজনকে ৩০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে আদালত-৩-এর অধীনে এ অভিযান পরিচালিত হয়। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—আশরাফুল ইসলাম বাবু, মো. মাসুম ও মো. সবুজ।
বিআরটিএ কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানের সময় দালালি কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে একজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপর তিনজনকে ৩০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, বিআরটিএতে সেবা নিতে আসা গ্রাহকদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারিত করার অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগ রয়েছে, প্রতারক চক্রের সদস্যরা গ্রাহকদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র ও টাকা নিয়ে পরে সরে পড়তেন।
তিনি বলেন, সেবাগ্রহীতাদের ভোগান্তি কমানো এবং বিআরটিএ কার্যালয়কে দালালমুক্ত রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। দালালবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অধিকার ডেস্কঃ 























