
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় প্রদর্শিত পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি ছিঁড়ে ফেলেছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। সোমবার দুপুর আড়াইটার দিকে সংগ্রহশালায় গিয়ে ছবিগুলো ছিঁড়ে ফেলেন উর্দু বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার।
ছবি ছেঁড়ার সময় আবু তৈয়ব বলেন, ভাষা আন্দোলনের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাদ দিয়ে ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি রাখার কারণ প্রশাসন ও ডাকসুর নেতাদের ব্যাখ্যা করতে হবে। তাঁর অভিযোগ, জিন্নাহ তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে শুধু উর্দু চালুর পক্ষে অবস্থান নিয়েছিলেন।
তিনি আরও বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁর মতে, সংগ্রহশালায় ভাষা আন্দোলনের নেতা আবুল কাসেম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশের মতো ব্যক্তিদের ছবিও থাকা উচিত।
আবু তৈয়ব ২০২৫ সালের ডাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
সংস্কার কাজ শেষে রোববার ডাকসু সংগ্রহশালা পুনরায় চালু করা হয়। সেখানে মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি প্রদর্শনের জন্য রাখা হয়েছিল। এর একটি ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানের ছবি। ওই অনুষ্ঠানে জিন্নাহ পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুর পক্ষে বক্তব্য দিয়েছিলেন।
অন্য ছবিটি ১৯৪০ সালের মার্চে লাহোরে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক সম্মেলনের একটি গ্রুপ ছবি। এতে জিন্নাহসহ সম্মেলনে অংশ নেওয়া অন্য নেতাদের দেখা যায়।
তৃতীয় ছবিটি ১৯৭০ সালের নির্বাচনকে কেন্দ্র করে পাকিস্তানের সংবাদপত্র ডন-এ প্রকাশিত জিন্নাহর ছবি-সংবলিত একটি প্রতিবেদনের পেপার কাটিং।
এদিকে ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার সকালে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি ডাকসুর বর্তমান পরিষদের সমালোচনা করে দাবি করে, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও বিশ্ববিদ্যালয়ের মুক্তিকামী চেতনাকে উপেক্ষা করে তারা পাকিস্তানের প্রতি অনুরাগ প্রকাশ করছে।
ছাত্রদলের বিবৃতিতে ডাকসু পরিচালনা ও সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শন নিয়ে আপত্তি জানানো হয়।
নিজস্ব প্রতিনিধি 























