
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় তিন মাসব্যাপী দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হচ্ছে আগামীকাল শনিবার।
প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করবেন। উদ্বোধনের মধ্য দিয়ে সারা দেশে একযোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হবে।
তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ অভিযান নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তিন মাসব্যাপী এ কর্মসূচির আওতায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।
ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও পরিবার পর্যায়ে সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
দৈনিক অধিকার ডেস্কঃ 
























