
ময়মনসিংহ নগরীর ঢাকা বাইপাস এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় সাত বছরের এক শিশু ও অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ফুলবাড়িয়া উপজেলার সোনিয়া এবং একই উপজেলার সাদেক। আহত শিশু সাজিদ (৭) নিহত সোনিয়ার ছেলে। এ ছাড়া অটোরিকশাচালক হারুনও গুরুতর আহত হয়েছেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সকালে ফুলবাড়িয়া উপজেলা থেকে সোনিয়া, তাঁর ছেলে সাজিদ ও সাদেককে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ঢাকামুখী বাইপাস এলাকায় যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ ঘটে।
সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সোনিয়া ও সাদেকের। গুরুতর আহত অবস্থায় শিশু সাজিদ ও চালক হারুনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এসআই রাকিবুল আলম জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। পুলিশ ট্রাকটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চালাচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
শফিয়েল আলম সুমন, ময়মনসিংহ প্রতিনিধিঃ 




















