
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরবে ৮০ জন রক্তদাতাকে সংবর্ধনা জানিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করা এবং মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এক বর্ণাঢ্য আয়োজনে এই ‘রক্ত সৈনিক’ সংবর্ধনা দেওয়া হয়।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় ভৈরব বাজার প্রেসক্লাব মিলনায়তনে ছাত্র সংসদের আয়োজনে অনুষ্ঠানটি হয়। এতে ভৈরবের ৮০ জন নিয়মিত রক্তদাতার হাতে সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি ফারাবি আহমেদ অরিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতালের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আবদুল্লাহ আল মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম।
ছাত্র সংসদের সাধারণ সম্পাদক আইমান রহমান মাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমান, রফিকুল ইসলাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল্লাহ, ভৈরব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সোহেলুর রহমান, চিকিৎসক ইমরান আহমেদ এবং রক্তদাতা জনি আলম ও রিজভী প্রমুখ।
বক্তারা বলেন, রক্তদানের মতো মানবিক কাজ খুব কমই আছে। মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে তরুণ রক্তদাতারা যেভাবে এগিয়ে আসছেন, তা প্রশংসনীয়। তাঁদের এই ত্যাগ ও সেবা সমাজকে আরও সুন্দর ও মানবিক করে তুলবে। তাই তরুণ প্রজন্মকে স্বেচ্ছায় রক্তদানে আগ্রহী করে তুলতে হবে। একই সঙ্গে সমাজকে মাদকমুক্ত রাখতে নেতৃস্থানীয় ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, চিকিৎসক, সংবাদকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদকঃ 



















