
নওগাঁর মান্দায় শেখ হাসিনার ফিরে আসার ঘোষণা দিয়ে মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।
ওসি জানান, গতকাল মান্দা উপজেলার শেষ সীমানায় কামারপাড়ার কাছাকাছি একটি স্থানে অটোরিকশায় করে অল্প সময়ের জন্য এই মাইকিং করা হয়। ইতোমধ্যে এর সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে বলে জানান তিনি। তাঁর ভাষ্যমতে, জড়িত বাকিদেরও খুব শিগগির আইনের আওতায় আনা হবে।
পুলিশ সূত্র জানায়, ঘটনার পর গ্রেপ্তার হওয়া দুজন হলেন উপজেলার নবগ্রাম তালপাড়া গ্রামের ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল জলিল সরকার (৫০) এবং কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম শহীদ (৪৩)।
উল্লেখ্য, ২৩ অক্টোবর হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে মাইকিংয়ের একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে প্রচার করা হয় এবং তাঁকে স্বাগত জানাতে সবার প্রতি আহ্বান জানানো হয়।
অধিকার ডেস্কঃ 



















