
ময়মনসিংহে সাপ্তাহিক গণশুনানিতে এক মায়ের আকুতি শুনে জন্মগত হৃদরোগে আক্রান্ত ৯ বছরের শিশু সোহানুর ইসলাম রাব্বীর চিকিৎসায় এগিয়ে এসেছে জেলা প্রশাসন। প্রশাসনের সহায়তা এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় শিশুটির ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে নতুন করে আশার আলো দেখছে রাব্বীর পরিবার।
রাব্বী ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম ও শেফালী খাতুনের দ্বিতীয় সন্তান। জন্মের সাত মাস পর তার জটিল হৃদরোগ ধরা পড়ে। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে দীর্ঘদিন উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচারসহ উন্নত চিকিৎসার জন্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার প্রয়োজন ছিল।
গণশুনানিতে সহায়তার আবেদন
গত ১৫ সেপ্টেম্বর সাপ্তাহিক গণশুনানিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমানের কাছে চিকিৎসা সহায়তা চান রাব্বীর মা। শিশুটির অসহায়ত্বের কথা শুনে জেলা প্রশাসক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফয়জুল আলমের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শের ব্যবস্থা করেন। পাশাপাশি জরুরি চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ১৫ হাজার টাকা সহায়তা দেন।
ঢাকায় সফল অস্ত্রোপচার
পরে রাব্বীকে ঢাকায় নেওয়া হয়। গত ২০ অক্টোবর রাতে একটি স্বনামধন্য মেডিকেল সেন্টারে তার ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। চিকিৎসার ব্যয় মেটাতে যাকাত ফাউন্ডেশন, হাসপাতাল সমাজসেবা ও শিশু স্বাস্থ্য ট্রাস্টসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতার ব্যবস্থা করা হয়।
এরই ধারাবাহিকতায় ২২ অক্টোবর জেলা প্রশাসক রাব্বীর বাবা-মায়ের হাতে আরও এক লাখ টাকা চিকিৎসা সহায়তা তুলে দেন। এ সময় ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান উপস্থিত ছিলেন।
মানবিক উদ্যোগে আশার আলো
রাব্বীর পরিবারের এই সংকটে সম্মিলিত উদ্যোগ প্রমাণ করে, মানবিক সহযোগিতা অসহায় মানুষের জীবনে আশার আলো জ্বালাতে পারে। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও এমন বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।
শফিয়েল আলম সুমন, ময়মনসিংহ প্রতিনিধিঃ 


















