
রাজধানীর খিলক্ষেতে নিজের ভাড়া দেওয়া বাড়িতে ডিজে পার্টি ও মাদক উদ্ধারের ঘটনায় অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওই ঘটনায় জনমনে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এবং জনসম্মুখে পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে।
বরখাস্তের পাশাপাশি আব্দুল্লাহ আল জহিরকে রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে তাঁর কর্মকাণ্ডকে ‘শিষ্টাচারবহির্ভূত, অকর্মকর্তাসুলভ এবং বিভাগীয় নিয়ম-শৃঙ্খলা পরিপন্থি’ বলে উল্লেখ করা হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণের শাস্তিযোগ্য অপরাধে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এর আগে গত ১৯ অক্টোবর ভোররাতে রাজধানীর খিলক্ষেতের পুলিশ হাউজিং আবাসিক এলাকায় ওই কর্মকর্তার ভাড়া দেওয়া বাড়িতে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
ডিবি জানায়, বাড়িটিতে মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজন চলছিল। অভিযানে গাঁজা, ইয়াবা, মদ এবং ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় ২৬ জন নারীসহ মোট ৮৪ জনকে আটক করা হয়।
অভিযানের পরদিন পুলিশ সদর দপ্তরের রিঅ্যার অ্যান্ড মেইনটেন্যান্স শাখায় কর্মরত অতিরিক্ত ডিআইজি জহিরকে সদর দপ্তরে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়েছিল। এবার ঘটনার পাঁচ দিনের মাথায় তাঁকে সাময়িক বরখাস্ত করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
জানা গেছে, পুলিশ কর্মকর্তা জহির এয়ারবিএনবির মাধ্যমে বাড়িটি ভাড়া দিয়েছিলেন।
অধিকার ডেস্কঃ 




















