
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলের নতুন প্রভোস্ট হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুর রাজ্জাককে নিয়োগ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান এ নিয়োগ অনুমোদন করেছেন। এ সংক্রান্ত একটি অফিস আদেশে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষর করেছেন।
অফিস আদেশ অনুযায়ী, লালন শাহ হলের বিদায়ী প্রভোস্ট এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খানের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় তার স্থলাভিষিক্ত হিসেবে সহযোগী অধ্যাপক আব্দুর রাজ্জাককে নিয়োগ দেওয়া হয়েছে।
আগামী ৮ জুলাই ২০২৬ থেকে পরবর্তী এক বছরের জন্য তিনি লালন শাহ হলের প্রভোস্ট হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। এ দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী তিনি প্রাপ্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশা, নতুন প্রভোস্টের নেতৃত্বে লালন শাহ হলের প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষার্থীদের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে।
ইবি প্রতিনিধি 






















