
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়ির দানবাক্স খুলে ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা পাওয়া গেছে। শনিবার (১০ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও লালন একাডেমি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে দানবাক্সের টাকা গণনা করা হয়।
সকাল সাড়ে ১০টার দিকে আখড়াবাড়ির মাজারের ভেতরে ও বারান্দায় রাখা দুটি সিন্দুক খোলা হয়। এতে ভক্তদের দান ও মানতের টাকা পাওয়া যায়। এবার সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে দানবাক্স খোলা এবং টাকা গণনার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাধারণত ছয় থেকে সাত মাস পরপর লালন আখড়াবাড়ির দানবাক্স খোলা হয়। গণনা শেষে এসব টাকা লালন একাডেমির নির্ধারিত তহবিলে জমা রাখা হয়।
এর আগে গত বছরের অক্টোবরে দানবাক্স খুলে ৪ লাখ ৯২ হাজার ২৬৪ টাকা পাওয়া গিয়েছিল। পরে লালন স্মরণোৎসবের পর আরেক দফায় দানবাক্স খুলে পাওয়া যায় ৯ লাখ ২২ হাজার ২৪২ টাকা।
শনিবার দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও লালন স্মরণোৎসবের অর্থ উপকমিটির আহ্বায়ক জাকির হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিফাত এবং কুমারখালীর সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও লালন একাডেমির সদস্যরা।
কুমারখালীর সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার জানান, এখন থেকে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে লালন আখড়াবাড়ির দানবাক্স খোলা হবে। সাধারণত বছরে দুইবার দানবাক্স খোলা হয়—প্রথমবার অক্টোবরে এবং দ্বিতীয়বার লালন তিরোধান দিবসের পর।
তিনি আরও জানান, আগেরবারের তুলনায় এবার দানবাক্সে কম টাকা পাওয়া গেলেও গত বছরের অক্টোবরের তুলনায় বেশি টাকা পাওয়া গেছে। টাকা গণনা শেষে প্রশাসনের পক্ষ থেকে তা বুঝে নেওয়া হয়েছে। রোববার এসব টাকা লালন একাডেমির তহবিলে জমা দেওয়ার কথা রয়েছে।
অধিকার ডেস্কঃ 




















