
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন রয়েল ইকোনমিক্স ক্লাব (REC)-এর ৭ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ১১ অক্টোবর ২০২৬ ক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলাকালে নতুন কমিটির নাম প্রকাশ করা হয়। একই অনুষ্ঠানে ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটিকে বিদায় জানানো হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সুব্রত দে। সাধারণ সম্পাদক হয়েছেন মো. রিয়াদ হোসেন সরকার। কমিটির অন্য শীর্ষ পদগুলোতে রয়েছেন সহ-সভাপতি স্বপনীল পাওল তূর্য, যুগ্ম সম্পাদক তাসনিম জান্নাত ও কোষাধ্যক্ষ বিবি সকিনা শান্তা। উল্লেখ্য, শীর্ষ পাঁচটি পদের সবাই অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এজিএমে আলোচনা
ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় শিক্ষক ও সদস্যরা অংশ নেন। সভায় সংগঠনের অতীত কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশাও ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
বিগত কমিটির উপদেষ্টা ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মোকাম্মেল করিম তৌফিক নতুন কমিটির নাম ঘোষণা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দিন খান।
অনুষ্ঠানে নোবিপ্রবি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আফ্রিদা জিন্নুরাইন ঊর্বি, মো. ফরিদ দেওয়ান, মো. গোলাম কিবরিয়া, মো. সাদ্দাম হোসেন ও ফারিয়ান তাহরীমও উপস্থিত ছিলেন।
বিদায়ী নেতৃত্বের বক্তব্য
সভায় বিদায়ী কমিটির নেতারা নিজেদের অভিজ্ঞতা ও কার্যক্রম তুলে ধরেন। সাধারণ সম্পাদক মারজাহান বেগম ঝুমুর ও সহ-সভাপতি নূর আছমা মিম তাঁদের কার্যকালের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। কোষাধ্যক্ষ মো. ফাহিম আর্থিক বিবরণী উপস্থাপন করেন।
বিদায়ী সভাপতি জান্নাতুল ফেরদাউস ইরা তাঁর কমিটির কাজের প্রশংসা করেন। তিনি বলেন, সদস্যদের আন্তরিকতা, নিষ্ঠা ও কাজের প্রতি আগ্রহই সংগঠনকে সচল রাখতে বড় ভূমিকা রেখেছে। তিনি আরও জানান, তাঁদের কমিটির শীর্ষ পাঁচ পদের চারটিতে নারী ও একটিতে পুরুষ সদস্য থাকলেও দায়িত্ব পালনে কোনো ঘাটতি হয়নি; সবাই নিজ নিজ জায়গা থেকে পূর্ণ সামর্থ্যে সংগঠন পরিচালনা করেছেন।
এরপর শিক্ষকরা বক্তব্য দেন। তাঁরা নতুন কমিটির প্রতি প্রত্যাশা জানান এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। অনুষ্ঠানে নতুন সদস্যদের ছোট উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়।
নতুন নেতৃত্বের প্রত্যয়
নবনির্বাচিত সভাপতি সুব্রত দে দায়িত্ব দেওয়ার জন্য উপদেষ্টামণ্ডলী ও সাবেক নেতাদের কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আগের বছরগুলোর অসমাপ্ত উদ্যোগ বাস্তবায়ন করা হবে। সদস্যদের ঐক্য ও সম্মিলিত চেষ্টায় ক্লাবকে আরও গতিশীল, সমৃদ্ধ ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে চান বলে জানান তিনি।
সাধারণ সম্পাদক মো. রিয়াদ হোসেন সরকার দায়িত্ব পেয়ে আনন্দ ও গর্ব প্রকাশ করেন। তিনি বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি শিক্ষা, অর্থনৈতিক গবেষণা ও জ্ঞানচর্চার কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ক্লাবকে গড়ে তুলতে এবং সদস্যদের দক্ষতা বিকাশে কাজ করবেন বলে অঙ্গীকার করেন।
নূসরাত জাহান,নোবিপ্রবি প্রতিনিধিঃ 






















