
খুলনা মহানগরীতে মোটরসাইকেলে এসে ধনঞ্জয় কুণ্ডু ওরফে আকাশ কুণ্ডু (৪৫) নামের এক মুদি দোকানিকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর খুলনা থানাধীন দক্ষিণ টুটপাড়া ২ নম্বর ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। ধনঞ্জয় গাছতলা মন্দিরের পূর্ব পাশের গলির বাসিন্দা। তাঁর বাবা শিবপদ কুণ্ডু ও মা বিনা রানী কুণ্ডু।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সন্ধ্যায় একটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে এসে ধনঞ্জয়কে লক্ষ্য করে গুলি ছোড়েন। এরপর তাঁরা দ্রুত পালিয়ে যান। গুলি তাঁর পেটে লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হেলমেট পরা তিন যুবক মোটরসাইকেলে এসে আকাশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ওসি জানান, বর্তমানে তিনি জীবিত আছেন।
এর আগে শনিবার সকালে খুলনার তেরখাদা উপজেলার পারহাজী গ্রামে মোটরসাইকেলে এসে এক যুবদল নেতাকে গুলি করে দুর্বৃত্তরা। ওই ঘটনার সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) খুলনায় অবস্থান করছিলেন।
অধিকার ডেস্কঃ 




















