
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের আগের দুটি লংমার্চের উদ্বোধনী সমাবেশে অংশ নিলেও এবার সেখানে উপস্থিত ছিল না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে শনিবার সকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট থেকে খুলনা বিভাগ অভিমুখী লংমার্চের বহর যাত্রা শুরুর পর পথে যোগ দেন দলটির চার নেতা।
এর আগে অনুষ্ঠিত দুটি লংমার্চে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ দলটির জ্যেষ্ঠ নেতারা অংশ নিয়েছিলেন। তবে এবারের কর্মসূচিতে তাঁদের দেখা যায়নি।
লংমার্চের পথে যোগ দেওয়া এনসিপি নেতারা হলেন দলটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও আবদুল হান্নান মাসউদ এবং যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মুস্তাফিজ। তাঁরা লংমার্চের বিভিন্ন পথসভায় বক্তব্য দেন। যশোরের সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর।
এনসিপি সূত্রের বরাতে জানা গেছে, দলটিকে জামায়াত নিয়ন্ত্রিত বলে যে সমালোচনা করা হচ্ছে, তা ভুল প্রমাণ করতে জোটের কর্মসূচিতে নিজেদের সক্রিয়তা কিছুটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি। একই সঙ্গে নিজস্ব কর্মসূচিতে বেশি গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
তবে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জোটের শরিক হিসেবে এনসিপি লংমার্চে রয়েছে।
অধিকার ডেস্কঃ 























