
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মশক নিধন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পৌরসভা।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের উদ্যোগে গঠিত আটটি টিমের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ৮ নম্বর টিম এ অভিযান পরিচালনা করে। ওয়ার্ডের নামোরাজারামপুর নামোপাড়ার বাড়ির আশপাশসহ নামো-রাজারামপুর এলাকার বিভিন্ন স্থানে এ কার্যক্রম চালানো হয়।
অভিযানে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানো হয়। পাশাপাশি ডেঙ্গু বহনকারী এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো ধ্বংস করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন ৮ নম্বর টিমের লিডার ও পৌরসভার কর নির্ধারক মো. এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. নওরোজ হুদা, স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্য এবং পৌরসভার কর্মচারীরা।
অভিযান প্রসঙ্গে মো. এনামুল হক বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ ছিটালেই চলবে না, এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়ানোও জরুরি। বাড়ির আশপাশে জমে থাকা পানি ও পরিত্যক্ত পাত্রসহ বিভিন্ন স্থানে মশার বংশবিস্তারের সুযোগ তৈরি হয়। তাই সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষ সচেতনভাবে এগিয়ে এলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব বলে তিনি মনে করেন।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গুর ঝুঁকি কমাতে জেলা প্রশাসনের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। এ কার্যক্রমে নগরবাসীকেও নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।
নিজস্ব প্রতিনিধিঃ 






















