
বরিশালের উজিরপুর উপজেলার বাটাজোর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জাহানারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়ক সংলগ্ন এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত জাহানারা বেগম বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ওলানকাঠী গ্রামের প্রয়াত রব হাওলাদারের স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, অসুস্থতার কারণে জাহানারা বেগমকে চিকিৎসার জন্য ইজিবাইকে করে বাটাজোর এলাকার একটি হাসপাতালে নেওয়া হচ্ছিল। তার সঙ্গে ছিলেন দেবর কামাল হাওলাদার ও পরিবারের আরও একজন সদস্য।
পথিমধ্যে হঠাৎ করেই তার গলায় থাকা ওড়না ইজিবাইকের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে মুহূর্তেই তার গলায় ফাঁস লেগে গুরুতর আহত হন তিনি। দ্রুত স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের দেবর কামাল হাওলাদার জানান,
“ভাবিকে নিয়ে আমরা হাসপাতালে যাচ্ছিলাম। হঠাৎ করে ওড়নাটা চাকায় পেঁচিয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে গেল।”
উজিরপুর মডেল থানা এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, ইজিবাইক বা মোটরচালিত ছোট যানবাহনে যাতায়াতের সময় ওড়না, শাড়ির আঁচল বা ঢিলেঢালা কাপড় থেকে এমন দুর্ঘটনার ঝুঁকি থাকে। সচেতনতার অভাবে প্রায়ই এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে।
বরিশাল প্রতিনিধিঃ 



















