
নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় শহীদ মিনার প্রাঙ্গণে মঞ্চ তৈরি করে মহিলাদলের কর্মীসভা আয়োজনকে কেন্দ্র করে সমালোচনা তৈরি হওয়ায় দুঃখ প্রকাশ করে ভুল স্বীকার করেছে ৩ নম্বর বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপি।
শুক্রবার (৬ নভেম্বর) আয়োজক কমিটির পক্ষে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মাহাতাব উদ্দিন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দুঃখ প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহিলাদলের কর্মীসভা শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে মঞ্চ তৈরি করে আয়োজন করা হয়। এ ঘটনায় যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে, সে বিষয়ে তাঁরা অবগত হয়েছেন এবং এ জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।
বিবৃতিতে আরও বলা হয়, মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতিবিজড়িত শহীদ মিনার জাতীয় চেতনা, আত্মত্যাগ ও গভীর শ্রদ্ধার প্রতীক। এমন পবিত্র স্থানের যথাযথ মর্যাদা রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। অনুষ্ঠান আয়োজনের সময় এ বিষয়ে আরও সতর্ক ও সচেতন থাকা উচিত ছিল বলে স্বীকার করেন আয়োজকেরা।
আয়োজকেরা জানান, শহীদ মিনার বা ভাষা শহীদদের অবমাননার কোনো উদ্দেশ্য তাঁদের ছিল না। তবে আয়োজনের ক্ষেত্রে যে ভুল হয়েছে, তা তাঁরা বিনয়ের সঙ্গে স্বীকার করছেন। এ ঘটনায় কারও অনুভূতিতে আঘাত লেগে থাকলে তার জন্য তাঁরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
ভবিষ্যতে এ ধরনের কোনো আয়োজনের ক্ষেত্রে শহীদ মিনারের পবিত্রতা, মর্যাদা ও প্রচলিত নিয়ম-নীতির প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের অঙ্গীকারও করা হয়েছে বিবৃতিতে। একই সঙ্গে অনিচ্ছাকৃত এ ভুলটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়।
বিবৃতির শেষে আয়োজক কমিটির পক্ষে মো. মাহাতাব উদ্দিন বিনীতভাবে দুঃখ প্রকাশ করেন।
সাজেদুর রহমান, নাটোর 























