
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের পৃথক দুটি অভিযানে ৭ গ্রাম হেরোইন, ১৩০ পিস ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাঁদের একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ৯টা ১০ মিনিট পর্যন্ত সদর উপজেলার জয়নগর মীরপাড়া বটতলাহাট ও বড়িপাড়া এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টা থেকে ৯টা ১০ মিনিট পর্যন্ত জয়নগর মীরপাড়া বটতলাহাট এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে মো. মঈন আলী (২৮) নামে একজনকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৭ গ্রাম হেরোইন, ১৩০ পিস ইয়াবা, নগদ ৯ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে সদর থানায় নিয়মিত মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
অন্যদিকে, সকাল ৮টার দিকে বড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. সোহান হাসান (১৯) নামে আরেকজনকে আটক করা হয়। তাঁর কাছ থেকে গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান প্রসিকিউশন দাখিল করলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।
অভিযান প্রসঙ্গে মো. ইকরামুল হক নাহিদ বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে প্রশাসন নিয়মিত অভিযান চালাচ্ছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ জন্য তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে পরিচালিত এসব অভিযানে পুলিশ ও এসআরবি সদস্যরা অংশ নেন। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ।
নিজস্ব প্রতিনিধিঃ 




















