
নাচোলে ব্যাটারিচালিত ভ্যানগাড়ি ছিনতাইকে কেন্দ্র করে সক্রিয় হয়ে ওঠা সংঘবদ্ধ অপরাধচক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে ছিনতাই হওয়া ভ্যানগাড়িটিও উদ্ধার করা হয়েছে। নাচোল থানা পুলিশের জানায়, আধুনিক প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা এই চক্রের সদস্যদের পাকড়াও করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-গোমস্তাপুর উপজেলার নুনেগোলা গ্রামের রতন (৪১), নাচোল উপজেলার কালইহর এলাকার দুলাল আলী ওরফে বাবু (৩৭), একই এলাকার একরামুল (৪০) এবং কাশিমপুর কাতিলা পাড়া এলাকার ফারুক (৩৫)।
জেলা পুলিশ এক প্রেসনোটের মাধ্যমে জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার খোয়ারমোড় এলাকায় ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন আকবর আলী। গত ১৮ মে বিকেলে যাত্রী সেজে আসামিরা তার ভ্যান ভাড়া নেয়। প্রথমে ভোলাহাট বাসস্ট্যান্ডে যাওয়ার কথা বলে চালককে বিভিন্ন স্থানে ঘোরানো হয়। পরে সন্ধ্যার দিকে নাচোলের কালইহর এলাকায় নিয়ে আরও কয়েকজন সহযোগীকে সঙ্গে নেয় চক্রটি।
এরপর পরিকল্পিতভাবে চালককে নির্জন এলাকায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা যায়, নাটোরের দ্বীপপাড়া মাঠসংলগ্ন এলাকায় পৌঁছানোর পর আসামিরা চালকের গলায় চেপে ধরে ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে তাকে হত্যার হুমকি দিয়ে ব্যাটারিচালিত ভ্যানটি ছিনিয়ে নেয় চক্রের সদস্যরা। জীবন বাঁচাতে অসহায় চালক প্রাণপণে পালিয়ে গিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সার্বিক নির্দেশনা এবং নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথের তত্ত্বাবধানে একটি বিশেষ টিম গঠন করা হয়। তদন্তে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা নজরদারি ও মাঠ পর্যায়ের অভিযানের মাধ্যমে মাত্র একদিনের ব্যবধানে চারজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া ব্যাটারিচালিত ভ্যানগাড়িটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নাটোর থানায় পেনাল কোডের ৩৯২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে ব্যাটারিচালিত ভ্যানচালকদের টার্গেট করে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় হয়ে উঠেছে। যাত্রী সেজে চালকদের নির্জন স্থানে নিয়ে গিয়ে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। ফলে দিনমজুর ও নিম্নআয়ের চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এদিকে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক 



















