
দেশের বিভিন্ন জেলায় পানিতে ডুবে পাঁচজনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। মুন্সীগঞ্জে পুকুরে গোসল করতে নেমে ব্র্যাক ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া সিলেটের জৈন্তাপুরে খালে ডুবে চাচাতো ভাইবোন এবং সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
মুন্সীগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় শুক্রবার বিকেলে ঘটে হৃদয়বিদারক এ দুর্ঘটনা। নিহতরা হলেন পশ্চিম দেওভোগ এলাকার প্রয়াত মোস্তাকুর রহমানের ছেলে মো. সোপান (২৪) এবং ঢাকার মিরপুর এলাকার মো. রিপনের ছেলে মো. আজওয়াদ (২২)। তারা দুজনই ব্র্যাক ইউনিভার্সিটির অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে ঢাকার ব্র্যাক ইউনিভার্সিটির ১৩ জন শিক্ষার্থী বেড়াতে আসেন সোপানের গ্রামের বাড়িতে। বিকেলে তারা বাড়ির ছাদে আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে সোপান ও আজওয়াদ বাড়ির পুকুরে গোসল করতে নামেন।
জানা গেছে, সাঁতার না জানা আজওয়াদ পুকুরের ঘাটে পা পিছলে গভীর পানিতে পড়ে যান। তাকে ডুবে যেতে দেখে বন্ধু সোপান উদ্ধার করতে এগিয়ে যান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দুজনেই পানিতে তলিয়ে যান। পরে সহপাঠীরা দ্রুত তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম। এ ঘটনায় পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মাঝে শোকের মাতম বিরাজ করছে।
অন্যদিকে সিলেটের জৈন্তাপুর উপজেলায় খালে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ফতেহপুর ইউনিয়নের শিকারখাঁ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না (৭) ও মাঈশা বেগম রাফা (৬) সম্পর্কে চাচাতো ভাইবোন।
স্থানীয়রা জানান, দুপুরে তারা চাচার সঙ্গে বাড়ির পাশের মাঠে গরু চরাতে গিয়েছিল। খেলতে খেলতে একসময় সবার অজান্তে পাশের খালে পড়ে যায় দুই শিশু। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর খাল থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়।
ফতেহপুর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল মতিন জানান, একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ঘোনা গ্রামে মায়ের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে জান্নাতুন নেছা (১০) নামে এক শিশু। সে ওই গ্রামের শেখ সাদিকুর রহমানের মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দুপুরে মায়ের সঙ্গে পুকুরে নামার পর অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যায় জান্নাতুন। পরে তাকে উদ্ধার করে নলতা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোক বিরাজ করছে।
বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পুকুর, খাল ও জলাশয়ে দুর্ঘটনা বাড়ছে। শিশুদের একা পানির ধারে যেতে না দেওয়া এবং সাঁতার শেখানোর বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
দৈনিক অধিকার ডেস্ক 



















