
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৬৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (Tensiwin 0.50) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ট্যাবলেটগুলো মালিকবিহীন অবস্থায় একটি আমবাগান থেকে জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ জুলাই ২০২৬ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ বিলভাতিয়া বিওপি একটি বিশেষ অভিযান পরিচালনা করে। হাবিলদার মো. এনামুল হকের নেতৃত্বে টহল দল শিবগঞ্জ উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালিতলা গ্রামের আজাদ ডাক্তারের আমবাগানে তল্লাশি চালায়।
অভিযান চলাকালে আমবাগানের ভেতর মালিকবিহীন অবস্থায় ৩ হাজার ৬৮০ পিস ভারতীয় Tensiwin 0.50 ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবি জানিয়েছে, উদ্ধারস্থলটি সীমান্তের মেইন পিলার ১৯১ থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।
উদ্ধার হওয়া নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করে প্রয়োজনীয় সাধারণ ডায়েরি (জিডি) সম্পন্ন করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সংশ্লিষ্টরা মনে করছেন, সীমান্ত এলাকায় বিজিবির ধারাবাহিক নজরদারি ও অভিযান মাদক ও অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
নিজস্ব প্রতিবেদকঃ 



















